নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা, ৩১ মে : পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রোববার দিনভর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কেও বেড়েছে যানবাহনের চলাচল।
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। গাবতলী, কল্যাণপুর, মহাখালী, কমলাপুর, শাহবাগ ও গুলিস্তান এলাকায় এদিন অন্যান্য দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের উপস্থিতি কিছুটা বেশি দেখা যায়। যদিও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলে যাওয়ায় অধিকাংশ মানুষ রোববারই ঢাকায় ফিরেছেন। ফলে বিকাল ও সন্ধ্যার দিকে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে যাত্রীচাপ আরও বাড়ে।
গাবতলী-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী একটি বাসের সহকারী আনিস জানান, গত কয়েকদিনের তুলনায় রোববার যাত্রী সংখ্যা বেড়েছে। তিনি বলেন, “কাল অফিস শুরু, তাই মানুষ আজকেই ঢাকায় ফিরতেছে।”
রাজশাহী থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরা আরাফাত রহমান হীরা বলেন, “আগেভাগে টিকিট কেটেছিলাম যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যায়। কাল থেকে অফিস, তাই আজই ফিরতে হয়েছে।”
অন্যদিকে কুষ্টিয়া থেকে নন-এসি বাসে ঢাকায় আসা আফজাল বারী জানান, পথে যানজট না থাকলেও তীব্র গরমে কিছুটা ভোগান্তি হয়েছে।
সদরঘাট ও কমলাপুরেও ঢাকামুখী মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। পরিবহন শ্রমিকরা বলছেন, সোমবার থেকে রাজধানীতে পুরোপুরি স্বাভাবিক যান চলাচল শুরু হবে।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ছিল। দীর্ঘ এ ছুটিতে রাজধানীর অধিকাংশ সড়ক ছিল প্রায় ফাঁকা। ছুটি শেষে এখন আবারও ব্যস্ত নগরজীবনে ফিরছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts