
নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনায় শুরু থেকেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক ফলাফলে বড় ব্যবধান তৈরি হওয়ায় দলটির শীর্ষ নেতারা বিজয়ের আশাবাদ ব্যক্ত করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে”, যা বিজেপির সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি জনগণের রায়কে “সুশাসনের পক্ষে সমর্থন” বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এই ফলাফলের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোট গণনায় অনিয়ম হচ্ছে এবং শেষ পর্যন্ত ফলাফল ভিন্ন হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৭টি আসন। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে এগিয়ে রয়েছে, যা তাদের প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের সম্ভাবনা জোরদার করেছে।
এদিকে ভোটগণনাকে কেন্দ্র করে কিছু স্থানে উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজয় মিছিলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল পেতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।