নিউজ প্রবাসী ডেক্স :

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল স্বাগতিক মেক্সিকো। লাল কার্ডে নাটকীয় হয়ে ওঠা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসরে দারুণ সূচনা করেছে তারা।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মেক্সিকো। নবম মিনিটে হুলিয়ান কিনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ফেফেলো সিটোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৭তম মিনিটে রাউল হিমেনেস ব্যবধান দ্বিগুণ করেন। জাতীয় দলের হয়ে এটি তার ৪৬তম গোল এবং বিশ্বকাপে প্রথম গোল।
ম্যাচের শেষদিকে থেম্বা জোয়ানও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দক্ষিণ আফ্রিকা ৯ জনের দলে নেমে আসে। যোগ করা সময়ে মেক্সিকোর সেসার মন্তেসও লাল কার্ড দেখলেও তাতে স্বাগতিকদের জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি।
দাপুটে ফুটবল, দ্রুত আক্রমণ আর প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী বার্তা দিল মেক্সিকো। আর দক্ষিণ আফ্রিকা শুরুতেই হোঁচট খেয়ে কঠিন সমীকরণের মুখে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts