
নিউজ প্রবাসী ডেক্স :
সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত ‘মায়ের বাড়ি’ মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত এ মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা কালী, অন্নপূর্ণা, রাধাগোবিন্দ ও জগন্নাথ মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালংকার খুলে নেয় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণের বালা, শাঁখা, কানের দুল, চেন, নথ, পেটি, প্রায় পাঁচ ভরি রুপা এবং দানবাক্সের নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, মাত্র দুইদিন আগে শহরের কাটিয়া মন্দিরেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে এমন ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোরদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে।