
নিউজ প্রবাসী ডেক্স ;
প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত–এর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতাসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ‘লেনদেন’ বিদ্যমান।
রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা–র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।
সীমান্তে প্রাণহানির ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক অব্যাহত থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। ভারতীয় পক্ষ এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান তিনি।
ভিসা কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার কারণে ভারতীয় কনস্যুলেট ও ভিসা সেন্টারগুলো পূর্ণমাত্রায় কার্যক্রম চালাতে পারেনি। তবে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে প্রশিক্ষণ বিনিময়, বন্দি প্রত্যাবাসন, বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
সালাউদ্দিন আহমদ বলেন, “আমরা সামনে এগোতে চাই। অতীত থেকে শিক্ষা নিয়ে অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।”