ইরান হামলায় আড়ালে সৌদি চাপ? ট্রাম্পকে ফোন করেছিলেন যুবরাজ সালমান: ওয়াশিংটন পোস্ট

নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যেই নতুন এক তথ্য সামনে এনেছে মার্কিন প্রভাবশালী দৈনিক The Washington Post। পত্রিকাটির দাবি, ইরানে সাম্প্রতিক হামলার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে ব্যক্তিগতভাবে ফোন করে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও আড়ালে যুবরাজ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করেন। বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাতে প্রকাশ করেছে পত্রিকাটি।
জানুয়ারি মাসে সৌদি আরব ঘোষণা দিয়েছিল, তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তবে সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্য অবস্থানের বিপরীতে ব্যক্তিগত যোগাযোগে হামলার পক্ষে তদবির চলছিল।
ওয়াশিংটন পোস্ট বলছে, ইসরায়েলের চাপের পাশাপাশি সৌদি আরবের এই কূটনৈতিক তৎপরতাও হামলার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
এদিকে হামলার পর ইরান পাল্টা আঘাত হানে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।