নিউজ প্রবাসী ডেক্স :

চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন রোববার থেকে শুরু হচ্ছে, যেখানে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া মোট ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনকে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসি ও বিভাগীয় কমিশনাররা অংশ নেবেন।
প্রথম দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
এবারের সম্মেলনে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যখাত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ই-গভর্নেন্সসহ নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাত সংশ্লিষ্ট প্রস্তাবই সবচেয়ে বেশি।
চার দিনব্যাপী এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এতে বিভিন্ন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছরের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হার ছিল প্রায় ৪৪ শতাংশ। এবারের সম্মেলনে সেই বাস্তবায়ন হার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts