
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ৮ বা ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে শেষ হয়। বেশিরভাগ সময় সকাল বা সন্ধ্যার আগে এ ধরনের বৃষ্টি হয়ে থাকে।
তিনি আরও বলেন, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসন্ন ঈদের সময়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।