নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে রোববার। আগামী ৯ জুলাই পর্যন্ত চলা এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ১৯১টিসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
বাজেটকে কেন্দ্র করে এবারের অধিবেশন দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি ব্যয় কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts