নিউজ প্রবাসী ডেক্স :

নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের যাত্রা। গতকাল রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে কার্যত শেষ কর্মব্যস্ত দিন কাটিয়েছেন উপদেষ্টারা। দায়িত্ব শেষে কে কোথায় ফিরছেন বা কী কাজে যুক্ত হচ্ছেন—তা নিয়ে ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা।
সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে অংশ নিতে উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে যাবেন। তবে শপথ সম্পন্ন হওয়ার পর একই গাড়িতে বাড়ি ফিরলেও সেখানে আর জাতীয় পতাকা থাকবে না—যা দায়িত্ব হস্তান্তরের প্রতীকী দৃশ্য হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। পাশাপাশি বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আরও কয়েকজন দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ইউনূসের পরবর্তী ভাবনা
উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে তাঁর প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ‘অবসর’ শব্দটিতে বিশ্বাস করেন না। দায়িত্ব শেষে তিনি আবার সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ, ‘থ্রি জিরো’ দর্শন, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিশ্বব্যাপী কাজ চালিয়ে যাবেন।
শিক্ষা ও লেখালেখিতে ফেরার প্রস্তুতি
আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাচ্ছেন। পাশাপাশি মৌলিক বিষয়ে লেখালেখি ও গবেষণায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সচিবালয়ে শেষ কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নে নতুন মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা নাকচ করেন তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়–এ যোগ দেবেন বলে জানা গেছে।
সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ততা
উপদেষ্টা আলী ইমাম মজুমদার দায়িত্ব শেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমে আগের মতোই সক্রিয় থাকবেন। তিনি নিয়মিত কলাম লেখায়ও ফিরবেন বলে জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিছুদিন বিশ্রাম নিয়ে পুনরায় লেখালেখিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রমজানের পর বই পড়া ও লেখালেখিতে ফেরার কথা জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)–এর কাজে যোগ দেবেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মানবাধিকার সংগঠন ব্রতীতে ফিরে গিয়ে বিশেষ করে গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টারা সবাই দেশেই থাকবেন এবং ভবিষ্যতেও নিজ নিজ ক্ষেত্র থেকে দেশের অগ্রগতিতে অবদান রাখবেন। দায়িত্ব শেষ হলেও রাষ্ট্র ও সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts