
নিউজ প্রবাসী ডেক্স :
সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়—এমন কঠোর বার্তা দিয়ে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে হবে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দিতে চায় না।
তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক প্রভাব বা পরিচয়ের কারণে আইন প্রয়োগে বাধার সৃষ্টি হয়। তবে আইন সবার জন্য সমান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্বার্থেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চায়। তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি কার্যক্রম আরও জোরদার করতে হবে।