
নিউজ প্রবাসী ডেক্স :
বৈশাখের শেষভাগে হঠাৎ ঝুম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। সোমবার দুপুরে মাত্র তিন ঘণ্টার বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে।
সকালে কিছুটা রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে পড়ে। পরে দুপুরের দিকে নামে ভারী বৃষ্টি। প্রায় আধাঘণ্টার এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। পথচারী, দোকানি, হকার ও অফিসফেরত মানুষ পড়েন দুর্ভোগে। অনেকে ভবনের নিচে ও অস্থায়ী দোকানে আশ্রয় নেন।
মিরপুর, মিরপুর-১০ ও মিরপুর-১২ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের হলেও স্থায়ী সমাধান মিলছে না।
মিরপুর-১২ এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, প্রতি বছর একই চিত্র দেখা যায়। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে শিশুদের স্কুলে যাতায়াতসহ সাধারণ মানুষের চলাচলে সমস্যা হয়। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানান।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, বৃষ্টির মধ্যেই পানি নিষ্কাশন ও ড্রেন পরিষ্কারের কাজ চালানো হচ্ছে। নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট টিম মাঠে কাজ করছে বলেও জানানো হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, প্রাক-মৌসুমি সময়ে দ্রুত মেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের ভারী বৃষ্টি হওয়া স্বাভাবিক। তিনি বলেন, ১৩ ও ১৪ মে’র পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।