নিউজ প্রবাসী ডেক্স:
বিচ্ছিন্নভাবে এক-দুটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পের বিকাশ ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ভেতরে অবস্থান করা পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী এবং সীমান্তের ওপার থেকে পাওয়া ইন্ধনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে এসব অপচেষ্টা মোকাবিলা করছে বলে জানান মন্ত্রী।
তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন উসকানির মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের বছরের একই সময়ের সঙ্গে অপরাধের পরিসংখ্যান তুলনা করলে অপরাধের হার কমেছে বলে দেখা যাবে। তাঁর অভিযোগ, নিরপেক্ষ ও আপেক্ষিক বিশ্লেষণ না করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংসদে জানান তিনি। দেশজুড়ে ককটেল নিক্ষেপ বা অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্তের ওপার ও দেশের অভ্যন্তরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময়ে সেগুলো প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।