নিউজ প্রবাসী ডেক্স :

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ বিশ্বের একাধিক অঞ্চলে দেখা গেলেও ভারত থেকে তা প্রত্যক্ষ করা যাবে না। ভারতীয় সময় অনুযায়ী বিকেল গড়িয়ে যাওয়ার আগেই সূর্য দিগন্তরেখার নীচে চলে যাওয়ায় গ্রহণটি ভারতের আকাশে দৃশ্যমান হবে না।
ভারতীয় সময় অনুসারে আজ দুপুর ৩টা ২৬ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। মোট স্থায়িত্ব ৪ ঘণ্টা ৩১ মিনিট। বিকেল ৫টা ৪২ মিনিটে গ্রহণ সর্বাধিক অবস্থানে পৌঁছাবে। সে সময় প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড ধরে সূর্যের চারপাশে দেখা যাবে আগুনের আংটির মতো উজ্জ্বল বলয়, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘রিং অফ ফায়ার’।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যায়, সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে একই সরলরেখায় অবস্থান করে। তবে এ ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করায় সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে না। ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দৃশ্যমান হয়।
মহাকাশ গবেষণা সংস্থা NASA–এর বিজ্ঞানীদের মতে, বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় এই দৃশ্যটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় মেরু অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে।
আজকের গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে আন্টার্কটিকার কনকর্ডিয়া ও মিরনি গবেষণা কেন্দ্র এলাকা থেকে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জিম্বাবুয়ে ও জাম্বিয়ার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির কয়েকটি অঞ্চল থেকেও এই গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সূর্যগ্রহণ খালি চোখে দেখলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষ সুরক্ষা চশমা ছাড়া গ্রহণ দেখার চেষ্টা না করাই নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts