নিউজ প্রবাসী ডেক্স :
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নিয়ে আজ বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বেলা ১১টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। বিদিশার আইনজীবী জানিয়েছেন, আপিলের শর্তে তার জামিন চাওয়া হবে এবং তারা জামিন পাওয়ার বিষয়ে আশাবাদী।
গত ২০ মে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে গত ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৮ সালে বারিধারার একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় মামলাটি করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ফ্ল্যাট বিক্রির চুক্তির পর টাকা নেওয়া হলেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট কিংবা টাকা ফেরত দেওয়া হয়নি।
এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন বিদিশা ও তার আইনজীবীরা।