নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি সামরিক হামলার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যেখানে ১৩টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল, বুধবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭টিতে। অধিকাংশ জাহাজই ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করে চলাচল করেছে।
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পুনরায় কার্যকর হওয়ার প্রথম দিনেই এই পতন লক্ষ্য করা যায়। এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়।
কেপলারের তথ্য বলছে, বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে মাত্র চারটি খালি জাহাজ। এর মধ্যে ছিল তিনটি ছোট তেলবাহী ট্যাংকার এবং একটি খাদ্যশস্য পরিবহনকারী ড্রাই বাল্ক ক্যারিয়ার। একই দিনে প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়া তিনটি জাহাজে এলপিজি, কয়লা ও জ্বালানি তেল পরিবহন করা হচ্ছিল।
এদিকে, মঙ্গলবার ১০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহনকারী একটি সুয়েজম্যাক্স ট্যাংকার ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করলেও বুধবার কোনো ভিএলসিসি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) বা এলএনজি ট্যাংকারকে এই রুটে চলাচল করতে দেখা যায়নি।
বিশ্বে সরবরাহ হওয়া মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণ সময়ে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ নৌপথে চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts