নিউজ প্রবাসী ডেক্স :

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় গরুর ভাইরাসজনিত ‘লাম্পি স্কিন ডিজিজ’ দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে খামারিদের মধ্যে। উপজেলার একাধিক ইউনিয়নে শত শত গরু আক্রান্ত হওয়ায় অনেকেই আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, বর্তমানে উপজেলায় পাঁচ শতাধিক গরু এ রোগে আক্রান্ত। আক্রান্ত গরুর শরীরে গুটি ও ক্ষত সৃষ্টি হচ্ছে, দুধ উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে গরু মারা যাওয়ার ঘটনাও ঘটছে। এতে কোরবানির পশুর বাজার, দুধ উৎপাদন ও চামড়া শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খামারিদের অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব এবং চিকিৎসা ব্যয়ের কারণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই দীর্ঘদিন ধরে লালন-পালন করা গরু হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, এটি একটি ভাইরাসজনিত রোগ, যার নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত গরুকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশা-মাছির আক্রমণ থেকে রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা।
তিনি আরও বলেন, আক্রান্ত পশুকে দ্রুত চিকিৎসকের আওতায় আনতে হবে এবং খামারিদের অযথা আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts