নিউজ প্রবাসী ডেক্স :

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদান ও সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, অভিযোজন কার্যক্রমের প্রয়োজনীয় অর্থের তুলনায় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত সীমিত। এ ঘাটতি পূরণে উন্নত দেশ ও উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক সম্প্রসারণ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ মোকাবিলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে উঠেছে।

তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করতে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে বিশেষ ব্যবস্থাও চালু রয়েছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে বহন করা হচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অথচ বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি ডলারেরও কম। ফলে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রাপ্ত সহায়তার মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে।

এই পরিস্থিতিতে অনুদান ও সহজ শর্তে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান জানান। বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্টের অগ্রগতি ধরে রাখা কঠিন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন খাতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts