নিউজ প্রবাসী ডেক্স:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের এ তারিখ নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে। পরে ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন হয়।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফল প্রকাশের নির্ধারিত তারিখ সামনে রেখে এখন পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts