নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম আলোচিত র‌্যাঙ্কিং ‘দ্য টাইমস অ্যান্ড সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৭’-এ বড় সাফল্য পেয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৭’ নির্বাচিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর প্রকাশিত গাইডে ইম্পেরিয়াল তিন ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই র‌্যাঙ্কিংয়ে ইম্পেরিয়াল অক্সফোর্ড ও কেমব্রিজ—দুই বিশ্ববিদ্যালয়ের ওপরে স্থান পেয়েছে। কেমব্রিজ রয়েছে চতুর্থ এবং অক্সফোর্ড পঞ্চম অবস্থানে।
সামগ্রিক তালিকায় প্রথম হয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)। এরপর ইম্পেরিয়াল, কেমব্রিজ ও অক্সফোর্ডের অবস্থান।
গাইডের তথ্য অনুযায়ী, ইম্পেরিয়াল একই সঙ্গে ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ফর গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট’ এবং ‘মেডিকেল স্কুল অব দ্য ইয়ার’ খেতাবও পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘রাসেল গ্রুপ ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ বিভাগে উচ্চ প্রশংসা পেয়েছে এবং লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রানার-আপ হয়েছে।
গাইডে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে শিক্ষাদানের মান, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, ডিগ্রি সম্পন্ন করার হার, স্নাতকদের কর্মসংস্থানের সম্ভাবনা, গবেষণার মানসহ বিভিন্ন সূচক ব্যবহার করা হয়েছে।
ইম্পেরিয়ালের সাফল্যের পেছনে গবেষণা ও স্নাতকদের কর্মসংস্থানের ফলাফল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, গাইডে গবেষণার মান ও স্নাতকদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইম্পেরিয়াল শীর্ষ অবস্থানে রয়েছে।
৩৩ বছরের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ—দুই বিশ্ববিদ্যালয়ই গাইডের শীর্ষ তিনের বাইরে রয়েছে। এর আগে ২০২৬ সালের গাইডেও দুই বিশ্ববিদ্যালয় শীর্ষ তিনে ছিল না।
২০২৭ সালের গুড ইউনিভার্সিটি গাইডে যুক্তরাজ্যের ১৩০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিষয়ের পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয় বাছাইয়ে সহায়তার জন্য শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও শিক্ষার্থীদের অভিজ্ঞতাসহ বিভিন্ন সূচকের তথ্য রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts