নিউজ প্রবাসী ডেক্স:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ২ ও ৩ নভেম্বর।
একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির এই শেষ সুযোগে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রেখে।
আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ওই দিন থেকে ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
তৃতীয় ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা কোটা-সংক্রান্ত সমস্যার কারণে ভর্তি হতে পারেনি, তারা এ ধাপে আবেদনের সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে আগে নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।