নিউজ প্রবাসী ডেক্স :

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনের বিরোধিতা করে ডরিনের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আদালতে বলেন, মামলার এজাহারে তার মক্কেলের নাম নেই। সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন আইনের শিক্ষার্থী এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হয়রানির মুখে পড়েছেন। প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদনও জানান তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরক সরবরাহের উৎস, অর্থের জোগানদাতা এবং ঘটনার পরিকল্পনাকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহে ডরিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনাসহ কয়েকটি ঘটনার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একদল ব্যক্তি নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে জড়ো হন। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে গিয়ে নিখোঁজ হওয়ার পর কলকাতায় তার হত্যার খবর সামনে আসে। তার মেয়ে ডরিনকে গ্রেপ্তারের পর এবার বিস্ফোরক মামলায় আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts