নিউজ প্রবাসী ডেক্স :
দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও তাদের অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার কাঠামো এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। শিক্ষাব্যবস্থাকে সেইভাবেই সাজাতে হবে, যাতে করে সেটা সত্যিকার অর্থেই কার্যকর হয়।”
অনুষ্ঠানে ঢাকা কলেজের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন জাতীয় আন্দোলনে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি। এ সময় কলেজে কাটানো নিজের জীবনের বিভিন্ন স্মৃতিও উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বিশেষ করে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার প্রতিটি স্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।