নিউজ প্রবাসী ডেক্স:
আগামী শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। তবে উৎপাদনের শুরুতেই সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের বাড়তি দামে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, গত বছর ফুলকপির এক প্যাকেট বীজ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় কিনলেও এবার একই বীজের জন্য গুনতে হয়েছে প্রায় ১ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে বেড়েছে বাঁশ, শ্রমিক, পলিথিন, সেচ ও জ্বালানির খরচ।
কৃষকদের ভাষ্য, মৌসুম এলেই নানা অজুহাতে সার, বীজ ও কীটনাশকের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অনেক সময় প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে খোলাবাজার থেকেও বেশি দামে কিনতে হচ্ছে। এতে সবজি চাষের মোট খরচ বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত লাভ থাকবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।
স্থানীয় কৃষকরা কৃষি উপকরণের বাজারে নজরদারি বাড়ানো এবং সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি খরিপ-২ মৌসুমে কুড়িগ্রামে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষের জন্য আরও সাড়ে ৭০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা রয়েছে।
তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই। মাঠপর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে কর্মকর্তারা কাজ করছেন। কৃষি উপকরণ নিয়ে কোনো সমস্যা হলে স্থানীয় কৃষি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিভাগটি।