
নিউজ প্রবাসী ডেক্স :
গাজীপুরের কাপাসিয়ায় এক ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডিতে একই পরিবারের পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাউৎকোনা গ্রামে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন গৃহকর্তা ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, দুই মেয়ে মীম ও মারিয়া, ছোট ছেলে ফরিদ এবং শ্যালক রসুল মিয়া। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে ফোরকান নিজেই স্বজনদের মোবাইল ফোনে হত্যার তথ্য জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান পেশায় ভাড়ায় চালিত গাড়ির চালক ছিলেন। তিনি পরিবার নিয়ে প্রায় এক বছর ধরে কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক ফোরকানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।