নিউজ প্রবাসী ডেক্স :

ধানমন্ডিতে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মণির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাত বর্নি জামিন পেয়েছেন। মামলার বাদী ও নিহতের বাবা শাহিন মিয়া জামিনে আপত্তি না জানানোয় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি দম্পতির জামিন মঞ্জুর করেন। শুনানির সময় বাদীপক্ষ আদালতে উপস্থিত থেকে মামলায় আপত্তি না থাকার কথা জানায় এবং একটি হলফনামাও দাখিল করে।
তবে নিহত রিক্তার বাবা শাহিন মিয়া দাবি করেছেন, তিনি কোনো অর্থের বিনিময়ে আপস করেননি। তার ভাষায়, তিনি এখনও মেয়ের মৃত্যুর বিচার চান।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার কর্মকর্তারা জানিয়েছেন, রিক্তা মণির মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পুলিশ বলছে, বাদী ও বিবাদীর মধ্যে কোনো সমঝোতা হলেও তা তদন্তের ওপর কোনো প্রভাব ফেলবে না।
গত ১৯ জুন ধানমন্ডির একটি বহুতল ভবনের নিচ থেকে রিক্তা মণির মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা সবিবুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গৃহকর্মী হিসেবে কাজ করার সময় রিক্তার ওপর নির্যাতন চালিয়ে তাকে ভবন থেকে ফেলে দেওয়া হয়। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts