নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সীরটেক এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের ভাষ্য অনুযায়ী, এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। সিয়াম জানান, তিনি একটি হোটেলে কাজ করেন এবং সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সীরটেকে তার ফুফার চায়ের দোকানে এসেছিলেন। বাইরে হঠাৎ মারামারি শুরু হলে দোকানের শাটার বন্ধ করার সময় তিনি গুলিবিদ্ধ হন।
আলমগীরের স্ত্রী জানান, তার স্বামী দোকানের ভেতরে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন। আর আশা আক্তার বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে ডান পায়ে গুলিবিদ্ধ হন।
পুলিশের দাবি, ঘটনার সঙ্গে স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের বিএনপির এক সদস্য জড়িত রয়েছেন। পুলিশের ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশি তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts