নিউজ প্রবাসী ডেক্স:

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। সব মিলিয়ে ভরিপ্রতি দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা। তবে নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় মঙ্গলবার (২৭ অক্টোবর) আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে সোনা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ২৫ অক্টোবর সোনার দাম সমন্বয় করে। সংস্থাটির নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়।

এর আগে ২৩ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তার আগের দিন ২২ অক্টোবরও দাম কমায় বাজুস। ওই দফায় ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৩৮০ টাকা।

এ ছাড়া ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, গহনার নকশা ও ধরন বিবেচনায় মজুরি নির্ধারণ করা হবে। সোনা ও রুপার গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

সংস্থাটির নির্দেশনায় আরও বলা হয়েছে, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts