কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা গ্যাসে টানা চার দিন ধরে আগুন জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোটখালের পাশে মো. আব্দুল্লার বাড়িতে নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আকতার এ নিষেধাজ্ঞা জারি করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় নির্ধারিত এলাকায় সাধারণ মানুষের চলাচল ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে ২০০ মিটার এলাকার মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান করা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-এর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের প্রাথমিক ধারণা, ভূগর্ভস্থ গ্যাসের আধার থেকে উচ্চচাপে গ্যাস বেরিয়ে আসছে। তবে গ্যাসের প্রকৃতি ও উৎস নিশ্চিত হতে নমুনা পরীক্ষা করা প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিতে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আশপাশের মাটির প্রকৃতিসহ কয়েক ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য সাত দিন সময় নেওয়ার কথা জানিয়েছে বাপেক্সের দল।

আগুনের উৎস ও গ্যাসের প্রকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাটিতে ঝুঁকি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts