নিউজ প্রবাসী ডেস্ক:
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কনিকা কাপুর ও তাঁর স্বামী গৌতম হাথিরামানি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের চার বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা।
নিজের বার্তায় কনিকা লিখেছেন, অনেক চিন্তাভাবনার পর তিনি ও তাঁর স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা জানিয়ে গৌতমের ভবিষ্যৎ জীবনের শুভকামনাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার এবং কঠিন সময়ে তাঁদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন বন্ধু, পরিবার ও ভক্তদের।
এটি কনিকা কাপুরের দ্বিতীয় দাম্পত্য বিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন। তাঁদের সংসারে আয়না, সামারা ও যুবরাজ নামে তিন সন্তান রয়েছে। ২০১২ সালে ওই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ভারতে ফিরে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ায় মনোযোগ দেন কনিকা।
গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তাঁরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনিই প্রথম গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২০১৪ সালে প্রথমবার এবং ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
এরপর ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া ও জমকালো আয়োজনে তাঁদের বিয়ে হয়। তবে চার বছরের মাথায় সেই সম্পর্কেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই সংগীতশিল্পী।
২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কনিকা কাপুর। মিত ব্রোসের সুরে গানটি সুপারহিট হওয়ার পর বলিউডে পরিচিতি পান তিনি। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় ‘লাভলি’ গানেও কণ্ঠ দেন।
পরবর্তী সময়ে ‘রয়’ সিনেমার ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’সহ বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এসব গানের মাধ্যমে বলিউডের সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন কনিকা।