নিউজ প্রবাসী ডেক্স :
চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল থেকে এ রুটে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর পর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাগামী বাসগুলো টার্মিনালে অবস্থান করছে এবং কোনো যাত্রী তুলছে না। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতার অভিযোগ, গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। এর জেরে বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর করা হয়। এ সময় চালক ও সহকারীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান হারুনুর রশিদ। হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।