নিউজ প্রবাসী ডেক্স :

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিন পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার ও জনগণমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত ও গণতান্ত্রিক সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, নৈতিক মানোন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা হবে। তিনি বলেন, নতুন জনবল নিয়োগ ও আধুনিকায়ন কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সমন্বিত উদ্যোগে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য বাস্তবসম্মত ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্ট সকল দফতরকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts