
নিউজ প্রবাসী ডেক্স :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। বার্তায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেওয়া জিয়ার ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করে সেটিকে জনগণকে উদ্দীপ্ত করার শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ভারতও তাঁর সেই বেতার ভাষণকে স্মরণ করছে, যা স্বাধীনতার সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছিল।
বার্তায় বলা হয়, “১৯৭১ সালের মার্চে তার কণ্ঠে উচ্চারিত সেই বেতার ভাষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে সাহস জুগিয়েছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে নিয়েছিল।”
ভারতীয় হাই কমিশন আরও উল্লেখ করে, মুক্তিযুদ্ধের সময়ের মতো এখনও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক আত্মত্যাগ ও সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।