
নিউজ প্রবাসী ডেক্স :
গাজা উপত্যকার আরও বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ধাপে ধাপে গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়াই এখন তাদের লক্ষ্য।
বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, “আমরা ইতোমধ্যে গাজার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছি। এখন পরবর্তী লক্ষ্য ৭০ শতাংশ।”
তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন করে এলাকা দখলের এই ঘোষণা যুদ্ধবিরতির শর্তের সঙ্গে সাংঘর্ষিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘও হতাহতের এসব তথ্যকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছে।
ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে গাজা সিটি ও খান ইউনিসে হামলা আরও বাড়িয়েছে। এতে হামাসের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাসকে গাজার রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের “স্বেচ্ছায় অভিবাসন” পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার বড় অংশ।