নিউজ প্রবাসী ডেক্স :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর ও বিদ্রূপাত্মক’ পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন করা হয়। এর আগে ৩ জুলাই ওই শিক্ষক ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি আরও খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষক আবদুল ওয়াহেদ জানিয়েছেন, তিনি এখনো প্রশাসনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক আদেশ পাননি।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আর ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ৯ আগস্ট সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে একটি ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠান চলাকালে র‌্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাশরাফি মুনওয়ার মাহী আহত হন। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ওয়াসিমের লাঠির আঘাতে তার বাম হাতের হাড় ভেঙে যায়। পরে ১১ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেট সভায় শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো অনুমোদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts