নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে দেশে জ্বালানি তেল সরবরাহে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেন তিনি।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হওয়ায় কেউ কেউ প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে বাস্তবে দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রস্তুতিও নিয়ে রেখেছে। প্রয়োজনে সেই উৎসগুলো ব্যবহার করা হবে।
জ্বালানিমন্ত্রী জানান, আগামী ৯ মার্চ দেশের উদ্দেশে আরও দুটি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ফলে জ্বালানি সরবরাহে ঘাটতির আশঙ্কা নেই।
তিনি দেশবাসীকে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার অনুরোধ জানান। তার ভাষায়, অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনে মজুত করলে সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
এদিকে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ ঠেকাতে সরকার কঠোর নজরদারিতে রয়েছে। জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
সরকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন জ্বালানিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts