নিউজ প্রবাসী ডেক্স :

ঈদকে সামনে রেখে আলোকসজ্জা স্থগিত, দোকান ও শোরুমে এসি–বাল্ব ব্যবহার অর্ধেকে নামানোর সিদ্ধান্ত
বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনের আলোকসজ্জা বন্ধ এবং রাত ৮টার পর বৈদ্যুতিক সাইনবোর্ড নিভিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার চেম্বার কার্যালয়ে ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা।
সভায় জানানো হয়, সচেতনতা তৈরি করা গেলে যশোরে সরবরাহকৃত বিদ্যুতের অন্তত ১৫ শতাংশ সাশ্রয় সম্ভব। সিদ্ধান্ত অনুযায়ী—
ঈদ উপলক্ষে করা আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
রাত ৮টার পর সব সাইনবোর্ড নিভিয়ে রাখতে হবে।
দোকান ও শোরুমে এসি ও বৈদ্যুতিক বাতির ব্যবহার ৫০ শতাংশ কমাতে হবে।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি তুলে ধরে কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেল ও গ্যাস আমদানিতে বিঘ্ন ঘটছে, যা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলতে পারে। তাই এখন থেকেই সাশ্রয়ী হওয়া জরুরি।
সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি–এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঈদ ও ব্যবসা-বাণিজ্যকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চেম্বার নেতারা জানান, বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে মাইকিং ও দোকানে নোটিস টানানোর মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানো হবে—যাতে যশোর থেকেই সাশ্রয়ের ইতিবাচক বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts