
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে চলমান আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে ছাত্রদল।
রোববার ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে কিছু শিবিরকর্মী পরিকল্পিতভাবে ডুয়েটকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সংগঠনটি অভিযোগ করে, আন্দোলনের আড়ালে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি তৈরি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইকবাল। এরপর থেকেই একদল শিক্ষার্থী ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন।
রোববার আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছে।
ছাত্রদলের বক্তব্যে আরও বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাইরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া নতুন কিছু নয়। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।
সংগঠনটি বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে দাবি করে, একটি ‘গুপ্ত সংগঠন’ রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলাটে করছে। চারদিন ধরে চলা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।