নিউজ প্রবাসী ডেক্স:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ২১৭, চট্টগ্রামে ২৪১, খুলনায় ২৫০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ২২৯, রংপুরে ১১২ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৫৫ জন।

বুলেটিনে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

চলতি বছরেও ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় মশাবাহিত এ রোগের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts