
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে মোট ২৩টি পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিনে প্রায় তিন হাজারের মতো আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এবারের নির্বাচনে বড় চমক হলো, দীর্ঘদিনের প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থিত প্যানেল অংশ নেয়নি। ফলে মূল লড়াই হচ্ছে বিএনপি-সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত-এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’-এর মধ্যে।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দুই প্যানেলের প্রার্থীরা জোর প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি কিছু স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি প্রথম নির্বাচন হওয়ায় আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই নির্বাচন ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।