নিউজ প্রবাসী ডেক্স :

টেকনাফ উপকূলে আকস্মিক ঝড় ও বৃষ্টিতে লবণ চাষে বড় ধাক্কা লেগেছে। বিস্তীর্ণ মাঠের লবণ পানিতে গলে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো চাষি ও সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উৎপাদিত লবণ নষ্ট হয়ে গেছে। অনেক মাঠে প্রস্তুত করা লবণ বেডও ভেঙে পড়েছে, ফলে নতুন করে উৎপাদন শুরু করতে সময় ও অতিরিক্ত খরচ বাড়ছে।
চাষিদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারে লবণের দাম কম থাকায় তারা বড় ধরনের লোকসানে পড়ছেন। এক মণ লবণ উৎপাদনে যেখানে প্রায় ৩০০ টাকা খরচ হচ্ছে, সেখানে বিক্রি করতে হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়।
কক্সবাজার অঞ্চলের বিভিন্ন স্থানে একই চিত্র দেখা যাচ্ছে। মৌসুম শেষ হওয়ার আগেই উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চাষিরা জানান, ঝড়-বৃষ্টির কারণে শুধু উৎপাদনই নয়, ঋণের চাপও বাড়ছে। অনেকেই দাদনের টাকা পরিশোধ করতে পারছেন না, সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে আংশিক উৎপাদন পুনরুদ্ধারের আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts