নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীতে ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টার মামলার তদন্তে গুরুতর অসঙ্গতির তথ্য উঠে এসেছে। পুলিশের আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি মামলায় বাদীর পরিচয় পাওয়া যায়নি, কোথাও কথিত নিহত ব্যক্তি জীবিত অবস্থায় বিদেশে রয়েছেন, আবার কোথাও গুলিবিদ্ধ বা নিহত হওয়ার দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কিছু মামলায় প্রকৃত ঘটনার সঙ্গে অভিযোগের মিল পাওয়া যায়নি। এমনকি ব্যক্তিগত বিরোধ বা অন্য উদ্দেশ্যে নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগও উঠে এসেছে। একটি মামলায় ‘নিহত’ হিসেবে উল্লেখ করা ব্যক্তি বর্তমানে সৌদি আরবে কর্মরত বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ওই মামলার কথিত বাদীও দাবি করেছেন, তার নাম-পরিচয় ব্যবহার করে অন্য কেউ মামলা করেছে।
অন্য একটি মামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার যে অভিযোগ আনা হয়েছিল, তদন্তে সেই ব্যক্তির অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। বাদীর গুলিবিদ্ধ হওয়ার দাবিও অসত্য বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আরও কয়েকটি মামলায় ঘটনার সময় আসামিদের ঘটনাস্থলে উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ বলছে, যেসব মামলায় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, সেগুলো আদালতে ‘মিথ্যা মামলা’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন আকারে জমা দেওয়া হয়েছে। তদন্তে জাল কাগজপত্র, ভুল পরিচয় ও তথ্যগত অসঙ্গতির বিষয়ও উঠে এসেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা ফৌজদারি মামলা দায়েরের প্রমাণ মিললে দণ্ডবিধির ২১১ ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে, ভুয়া মামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা