নিউজ প্রবাসী ডেক্স :

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
শুক্রবার প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে তা আবার বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবোর সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) মোস্তফা কামাল জিহান জানান, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সিলেট অঞ্চলে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়তে পারে, তবে বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পাউবো আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদ-নদীর পানি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts