
নিউজ প্রবাসী ডেক্স :
দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার আলো পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ হয়ে উঠেছে ‘প্রেন্নই শিক্ষালয়’। আলীকদম উপজেলা-র ইয়াংরিং ম্রো পাড়ায় গড়ে ওঠা এই আবাসিক হোস্টেল ইতোমধ্যে জুমচাষি পরিবারের শিশুদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা সদর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই পাড়ায়। পাথুরে ঝিরি ঘেরা নিরিবিলি পরিবেশে ছোট ছোট ঘর আর একটি মাঠ নিয়ে গড়ে উঠেছে হোস্টেলটি। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৪ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে, যাদের অধিকাংশই আগে স্কুলে অনিয়মিত ছিল বা ঝরে পড়েছিল।
হোস্টেলটির উদ্যোক্তা সমাজকর্মী উথোয়াইংগ্য মারমা জানান, জুমচাষ নির্ভর জীবনের কারণে অনেক শিশু বাবা-মায়ের সঙ্গে মাঠে চলে যেত, ফলে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। এই বাস্তবতা থেকে বেরিয়ে আনতেই তিনি আবাসিক হোস্টেল প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
অভিভাবক সলে ম্রো বলেন, “হোস্টেল হওয়ায় এখন আমাদের ছেলেমেয়েরা নিয়মিত পড়াশোনা করতে পারছে। আগে এ সুযোগ ছিল না।” একই কথা জানান অন্য অভিভাবকরাও।
হোস্টেলের শিক্ষার্থীরা শুধু বাংলা নয়, নিজেদের মাতৃভাষা ম্রো ভাষাতেও পড়াশোনার সুযোগ পাচ্ছে। শিক্ষক রেং অং ম্রো বলেন, “প্রতিদিন এক ঘণ্টা করে ম্রো ভাষা শেখানো হয়, এতে শিশুরা নিজেদের ভাষাতেও দক্ষ হয়ে উঠছে।”
শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হয়—ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত ক্লাস, খেলাধুলা এবং রাত পর্যন্ত পড়াশোনা। এতে তাদের মধ্যে শৃঙ্খলা ও নিয়মিত পড়ার অভ্যাস গড়ে উঠছে।
তবে নানা চ্যালেঞ্জও রয়েছে। হোস্টেল পরিচালনায় মাসিক খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক অভিভাবক নিয়মিত টাকা দিতে না পারায় ঘাটতি থেকেই যাচ্ছে। খাবার তালিকাও সীমিত—প্রধানত ভাত ও সবজি; মাসে মাত্র দুইবার মাছ দেওয়া সম্ভব হয়।
সবচেয়ে বড় সমস্যা পানির সংকট। শুষ্ক মৌসুমে ঝিরি শুকিয়ে গেলে শিক্ষার্থীদের দূর থেকে পানি আনতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা রিংওয়েল বা বিকল্প পানির ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
হোস্টেল পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, একটি স্থায়ী ভবন, পর্যাপ্ত অর্থায়ন ও নিরাপদ পানির ব্যবস্থা করা গেলে এই উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিছু সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ সহায়তা পেলে এই হোস্টেলটি সীমান্তবর্তী দুর্গম এলাকায় শিক্ষার মডেল হিসেবে গড়ে উঠতে পারে।