নিউজ প্রবাসী ডেক্স:

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের সময় আবার রাত ৮টা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে নতুন করে এই সময়সূচি কার্যকর হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেষ হয়েছে। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সময়সীমা সাময়িকভাবে বাড়ানো হয়েছিল। উৎসবের কেনাকাটা নির্বিঘ্ন রাখতে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি পুনর্বহাল করা হয়েছে।

চলতি বছর জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরবর্তী সময়ে জুন মাসে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়।

সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে সাময়িক ছাড় দেওয়ার পর আবারও সেই পুরোনো সময়সূচি কার্যকর হলো। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts