নিউজ প্রবাসী ডেস্ক
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগ রয়েছে এবং তারা ভারত থেকে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে দাবি করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও ধর্মীয় এ উৎসবকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদ খাঁনের অভিযোগ, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তার দাবি, এসব ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভারতের কাছে আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল। বর্তমানে দলটির নেতারা ও শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র করছেন।
রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে সেটিকে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হিসেবে উপস্থাপন করে ভারতের কাছে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সরকার ও দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
তবে সংবাদ সম্মেলনে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।