
নিউজ প্রবাসী ডেক্স :
মিরপুর টেস্টের পঞ্চম দিনে দ্রুত রান তোলার কৌশল নিতে গিয়ে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
মঙ্গলবার সকালে দিনের শুরুতেই হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে ঠিকমতো টাইমিং না হওয়ায় সহজ ক্যাচ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ৩৭ বলে চারটি চারে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তার বিদায়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৭ বলের ৩৬ রানের জুটি ভেঙে যায়। ৫২.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক শান্ত ও লিটন দাস।
এর আগে চতুর্থ দিনের বড় একটি অংশ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচ ড্রয়ের সম্ভাবনা বাড়লেও পঞ্চম দিনে ফলের আশা এখনও বেঁচে আছে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দিন শুরু করেছিল ৩ উইকেটে ১৫২ রান নিয়ে।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, পাকিস্তানকে চাপে ফেলতে হলে দ্রুত রান তুলে অন্তত ২৬০ রানের লক্ষ্য দিতে হবে। অন্যদিকে পাকিস্তানের সালমান আলি আগা বলেছেন, সাহসী সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।
বর্তমানে ম্যাচের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিরাপদ অবস্থানে যেতে বাংলাদেশকে আরও কিছু সময় ব্যাট করতে হবে। তবে অতিরিক্ত রক্ষণাত্মক হলে জয়ের সম্ভাবনা কমে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।