
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ ফুটবল লিগে দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তীব্র গরমের মধ্যেও লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ দিকে গোল করে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সাদাকালো শিবির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। ১৫ মিনিটে আরিফ হোসেনের নিখুঁত ক্রস থেকে জুয়েল মিয়ার হেডে এগিয়ে যায় দলটি। গোল হজমের পর পাল্টা আক্রমণে নামে পিডাব্লিউডি, তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা চরমে ওঠে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ৮৫ মিনিটে সমতা ফেরায় পিডাব্লিউডি। মোহাম্মদ আব্দুল্লাহর নিখুঁত শটে গোল করে ম্যাচে ফেরে তারা, তখনই শঙ্কা জাগে মোহামেডান শিবিরে।
তবে নাটকীয়তা এখানেই শেষ হয়নি। ৮৭ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান, সেটি থেকে গোল করে আবার এগিয়ে দেন মোজাফ্ফর। এরপর যোগ করা সময়ে রাফায়েল টুডুর একক নৈপুণ্যে করা চমৎকার গোল নিশ্চিত করে দলের জয়।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো জয় পেল মোহামেডান। বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।