
নিউজ প্রবাসী ডেক্স :
শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা বছরের শেষভাগে, অর্থাৎ ডিসেম্বর মাসে আয়োজনের চিন্তাভাবনা চলছে। একইভাবে এইচএসসি পরীক্ষাও আগের সময়সূচি থেকে এগিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানান, শিক্ষা ক্যালেন্ডার এমনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে ফল প্রকাশের পর দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করা যায়। এতে দীর্ঘ সময়ের ব্যবধান কমবে এবং শিক্ষার্থীদের সেশনজটের সমস্যা অনেকটাই দূর হবে।
তিনি আরও বলেন, নতুন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে আনাই মূল লক্ষ্য। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
এছাড়া শিক্ষক বদলি প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হচ্ছে। একটি সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী। ধাপে ধাপে সব শিক্ষক-কর্মচারীকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা খাতে এই পরিবর্তন কার্যকর হলে পুরো শিক্ষা ব্যবস্থায় একটি সময়ানুগ ও সমন্বিত কাঠামো তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।