
নিউজ প্রবাসী ডেক্স :
নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকের ভেতর অবৈধভাবে মজুত রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাঁশঝাড়ের নিচে মাটির ভেতরে পানির ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখার বিষয়টি জানতে পারে প্রশাসন। পরে সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে তেল সংরক্ষণের দায়ে সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’-এর মালিক রুবেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত করা তেল দুই দিনের মধ্যে বৈধভাবে দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, খোলা জায়গায় এভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংরক্ষণ করা আইনসম্মত নয়। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।
একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। সেখানে তিনটি কনফেকশনারি দোকানে বিভিন্ন অনিয়মের কারণে মোট আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাজারে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।